বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতালে জনদূর্ভোগ, যানবাহন বন্ধ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নেতাকর্মীরা গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ সৃষ্টি করছেন। এতে পণ্য পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুল্যান্স চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে।
বাগেরহাটের এক যাত্রী জানান, পিরোজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ৬ জায়গায় রিকশা-ইজিবাইক পরিবর্তন করতে হয়েছে, যা সাধারণত দেড় ঘণ্টার পথ চার ঘণ্টায় পার হয়েছে।
হোটেল ব্যবসায়ী মিজান মল্লিক বলেন, হরতালের জন্য অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসা সবকিছু বন্ধ। সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলে একজন কাস্টমারও আসেনি। যদি আন্দোলন এভাবে চলতে থাকে, ব্যবসা-বাণিজ্য সব মুখ থুবড়ে পড়বে।
রিকশাচালক জাহিদ হোসেন জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৭০ টাকা আয় হয়েছে। রাস্তায় কোনো লোকজন নেই। মহাজনের ভাড়া আড়াইশো টাকা। বের হয়ে বিপদে পড়েছি।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কোকনভেনর এম এ সালাম বলেন, দুর্ভোগ আমাদেরও কাম্য নয়। তবে এটি জেলার মানুষের দাবির অংশ। সবাই মিলেই আমরা আন্দোলন করছি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হরতাল চলবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

