সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, এই সময় প্রবাসীরা ১০১ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, এ বছর সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ৯ দিন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৯৭ কোটি ১০ লাখ ডলার। ফলে প্রবাসী আয়ে ৯৪ কোটি ৭০ লাখ ডলার বা ১৯ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার এবং আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় হয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

