শাপলা প্রতীক চেয়ে ইসিতে এনসিপির আবেদন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বরাবর আবেদনপত্র জমা দেয় দলটি।
আবেদনে বলা হয়, এনসিপি গত ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করার পাশাপাশি ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের আবেদন জানায়। এর পর থেকেই সারাদেশে দলীয় কর্মসূচিতে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করছে জনগণ। জুলাই মাসে দলটির পদযাত্রায় কর্মীরা খাল-বিল-জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে অংশ নেন।
কিন্তু গত ৯ জুলাই ইসি শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় বলে এনসিপি জানতে পারে। পরে ১৩ জুলাই দলটির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে বৈঠক করে। সেসময় ইসির যুক্তি খণ্ডন করে লিখিতভাবে জানানো হয় যে, শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করার কোনো আইনি ভিত্তি নেই।
পরবর্তীতে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে বিকল্প হিসেবে ১. শাপলা, ২. সাদা শাপলা ও ৩. লাল শাপলার প্রস্তাব দেয় এনসিপি। তারা জানায়, প্রয়োজনে প্রতীকের ভিন্ন ভিন্ন ভার্সন নিয়েও আলোচনা করতে প্রস্তুত আছে দলটি। তবে ইসি শাপলা প্রতীকের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের মিল থাকার যুক্তি দেখায়, যা এনসিপির মতে ‘বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী’।
গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব জানান, প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায় এটি কোনো দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ অবস্থানকে ‘দুঃখজনক’ ও ‘অনভিপ্রেত’ বলেছে এনসিপি।
আবেদনে দলটি আশা প্রকাশ করে, কমিশন পূর্বের মনোভাব পরিহার করে শাপলা প্রতীক বা বিকল্প প্রতীক বরাদ্দ দেবে। অন্যথায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি নিয়ে প্রশ্ন থেকে যাবে বলে মন্তব্য করে তারা।

