রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় ঝামেলা আছে: আদালতে শেখ হাসিনা-ইনুর অডিও
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখনো আছে।’
এটি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে শোনা যায়। ওই সময় আন্দোলনে ছত্রীসেনা মোতায়েন এবং হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে।
বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা জবানবন্দিতে জানিয়েছেন, অডিওতে শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় আগুন ধরানো ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একই অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন জানান।
তানভীর হাসান আরও বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোন নম্বরের সিডিআর জব্দ করা হয়। ছাত্র আন্দোলন দমনে সরাসরি গুলি ও হেলিকপ্টার ব্যবহারসহ ইন্টারনেট সেবা বন্ধ করার পরিকল্পনা করা হয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তারা মো. জানে আলম খান ও মো. আলমগীর (পিপিএম) এবং বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এই ঘটনার তদন্ত সম্পন্ন করেন। ১০ জুলাই ট্রাইব্যুনাল মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং সাবেক আইজিপি মামুনকে ‘অ্যাপ্রুভার’ রাজসাক্ষী হিসেবে অনুমোদন দেন।

