ওসিকে প্রকাশ্যে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৮ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

পুলিশ জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় অবস্থানকালে মাহদী হাসান থানার ওসিকে উদ্দেশ করে উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্য দেন। ওই সময় তিনি ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’-এমন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানায়। শনিবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাহদী হাসানের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ও সংগঠনের আদর্শবিরোধী’ উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, তার বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

চিঠিতে মাহদী হাসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Nagad

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাহদী হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।