টিসিবির জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ভোজ্য তেল কেনার চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত চারটি প্রস্তাবের মোট আর্থিক মূল্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে প্রতি কেজি ৮১ টাকা ৪৭ পয়সা দরে এ ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন ৫৫৯ মার্কিন ডলার দরে এ ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি কেজি ডালের মূল্য দাঁড়াবে ৭৪ টাকা ৮৬ পয়সা।
টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৬৮ মেট্রিক টন ডাল কেনা হয়েছে।
অন্যদিকে, নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে সরবরাহের লক্ষ্যে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার পাম অলিনের মূল্য হবে ১৮৩ টাকা ৯৫ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য দাঁড়াবে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
টিসিবির হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে পাম অলিন ও সয়াবিন তেল মিলিয়ে ইতোমধ্যে ১৪ কোটির বেশি লিটার ভোজ্য তেল ক্রয় সম্পন্ন হয়েছে।

