আর্জেন্টিনার উসকানিতে পা দেবে না স্পেন: রদ্রি
বিশ্বকাপের মহারণের আগে আর্জেন্টিনার শারীরিক ফুটবল নিয়ে আলোচনা তুঙ্গে। তবে প্রতিপক্ষের এমন কৌশল নিয়ে কোনো উদ্বেগ নেই স্পেন শিবিরে। বরং সম্ভাব্য শারীরিক লড়াইয়ের জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন দলটির অধিনায়ক রদ্রি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার খেলায় বেশ কয়েকটি কঠোর ফাউল ও শারীরিক সংঘর্ষের ঘটনা নজরে আসে। স্প্যানিশ গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন রদ্রি।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন অধিনায়ক বলেন, বিশ্বকাপের ফাইনাল সব সময়ই আলাদা ধরনের ম্যাচ। এমন ম্যাচে শারীরিক লড়াই বেশি হবে, সেটি তারা আগেই ধরে নিয়েছেন।
রদ্রি বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই বিশেষ। এখানে শারীরিক শক্তির ব্যবহার বেশি থাকবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামব। কখন আক্রমণ করতে হবে, কখন রক্ষণ সামলাতে হবে কিংবা কখন পাল্টা আক্রমণে যেতে হবে—সবকিছুর জন্য আমরা প্রস্তুত।’
আর্জেন্টিনার সম্ভাব্য উসকানি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও ফুটবলেরই একটি অংশ। প্রতিপক্ষ কীভাবে খেলবে, সেটি তাদের বিষয়। তবে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া। কোনো পরিস্থিতিতেই উসকানিতে পা দেওয়া যাবে না।’
বিশ্বকাপ ফাইনালে আজ রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। ফুটবল বিশ্লেষকদের মতে, কৌশল, মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতার লড়াইয়ে যে দল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, তারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে।

