পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান
বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করেছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের জলছাপেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। নতুন জলছাপে স্থান পেয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর বিভিন্ন প্রতীকী ছবি এবং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা বিভিন্ন নিদর্শন।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে নতুন জলছাপ সংযোজন ও কিছু পুরোনো জলছাপ বাদ দেওয়া হয়েছে। নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে রংপুরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে।
এছাড়া জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ষাটগম্বুজ মসজিদ, কান্তজিউ মন্দির, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, ইলিশ, কাঁঠাল, পাট, চা-বাগান, বায়তুল মোকাররম, হলি রোজারি চার্চসহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনার জলছাপ রাখা হয়েছে।
অন্যদিকে, আগের নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মুজিবনগর স্মৃতিসৌধসহ কয়েকটি জলছাপ বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। নতুন সরকারি আদেশের মাধ্যমে সেই শব্দবন্ধ আবারও যুক্ত করা হলো।
নতুন ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে?
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে ধাপে ধাপে নতুন করে ইস্যু হওয়া ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ এবং নতুন জলছাপ ব্যবহার করা হবে। বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য কোনো তাৎক্ষণিক পরিবর্তন বা নতুন করে পাসপোর্ট করার প্রয়োজন নেই। মেয়াদ শেষে নবায়ন বা নতুন পাসপোর্ট ইস্যুর সময় তারা নতুন নকশার ই-পাসপোর্ট পাবেন। এতে বিদ্যমান পাসপোর্টের বৈধতার ওপর কোনো প্রভাব পড়বে না।

