ক্ষেপণাস্ত্রের মজুত কমায় ইরান হামলা স্থগিত করেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্, জুলই ২৭, ২০২৬

আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার উদ্বেগে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার জেরে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর রোববার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে উভয় পক্ষই কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, শুক্রবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রিসভার বৈঠকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরসহ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এর পরই হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে উপসাগরীয় মিত্র দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও শরণার্থী সংকট আরও তীব্র হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছিলেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানো সম্ভব হলেও এতে সেন্ট্রাল কমান্ডের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তার মুখপাত্র।

হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক স্টিভেন চেং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে ইরান যদি হরমুজ প্রণালি বা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে জবাব দেওয়ার জন্য সব ধরনের বিকল্প খোলা রয়েছে।

Nagad