বুকের দুধ পান করাতে মায়েদের অস্বস্তি দূর করবে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’: চসিক মেয়র
চট্টগ্রাম নগরীর জনসমাগমপূর্ণ স্থানে মায়েদের স্বস্তি এবং শিশুদের নিরাপদ ও নির্বিঘ্নে মাতৃদুগ্ধপান নিশ্চিত করতে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘জনসম্মুখে শিশুকে বুকের দুধ পান করাতে অনেক সময় মায়েরা অস্বস্তিবোধ করেন। ফলে শিশু কান্না করলেও তাকে দুধ পান করানো সম্ভব হয় না। মায়েদের এই বাস্তব সমস্যা ও অস্বস্তি দূর করে শিশুদের সঠিক সময়ে মাতৃদুগ্ধপানের সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর কর্ণফুলী ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি নবনির্মিত ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সামাজিক সংগঠন ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় কর্নার দুটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিশুর জীবনের প্রথম ছয় মাস মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে থাকা পুষ্টি ও রোগ প্রতিরোধক উপাদান শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। তাই মায়েদের জন্য একটি উপযুক্ত ও নিরিবিলি পরিবেশ তৈরি করা জরুরি।’
মানবিক ও জনবান্ধব নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে পর্যায়ক্রমে চট্টগ্রাম বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও পতেঙ্গাসহ নগরীর গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে এ ধরনের ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ সম্প্রসারণ করা হবে বলেও জানান মেয়র।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ চসিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার একটি ঐতিহাসিক ও জনবহুল স্থান। প্রতিদিন অনেক মা শিশুদের নিয়ে সেখানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কর্নারটির নির্মাণকাজ চলাকালীনও অনেক মা সেখানে এসে শিশুকে দুধ পান করানোর জন্য জায়গা চেয়েছেন। এতে এই সেবার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।
জিয়াউল হক পলাশ আরও জানান, এর আগে কর্ণফুলী ব্রিজ এলাকায় পরীক্ষামূলকভাবে স্থাপিত ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ চালুর মাত্র এক মাসের মধ্যে ১৩৫ জন মা সেবা নিয়েছেন।
অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘যতনে যতনে ভরে উঠুক বাংলাদেশ’ প্রত্যয় নিয়ে ডাকবাক্স ফাউন্ডেশন নগরজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

