ইরান সংঘাত খুব দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলে তেলের দামও দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি।

ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচনকালে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘খুব বাজে অবস্থায়’ রয়েছে। একই সঙ্গে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ শেষ হওয়ার পর তেলের দাম সামরিক সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালু রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। তবে পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি বিষয়ে দুই পক্ষের অবস্থানে এখনও পার্থক্য রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শেষ পর্যন্ত অঞ্চলটি ছেড়ে যেতে হবে, কিন্তু ইরান তার নিজ ভূখণ্ডেই থাকবে।

Nagad

এর আগে আজিজি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে জানিয়েছিলেন, ইরানের সব শর্ত মেনে না নিলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না।

অন্যদিকে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে তেল পরিবহনের প্রবাহ কিছুটা বাড়ার লক্ষণ দেখা গেলেও সংঘাত ও আলোচনার গতিপথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।