আজ জেলহত্যা দিবস, জাতির ইতিহাসের বেদনাবিধুর দিন
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিবাগত রাতে পুরান ঢাকার তৎকালীন কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।
নিহত চার নেতা হলেন—মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।
জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত ২১ বছর স্থগিত ছিল। ১৯৯৬ সালের জুনে পুনরায় তদন্ত কার্যক্রম শুরু হয়।
মামলার রায় ঘোষণা করা হয় ২০০৪ সালের ২০ অক্টোবর। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ওই রায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তিনি হলেন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।
জেলহত্যা দিবসে জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতীয় চার নেতাকে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

