প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বর্তমান সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছিলেন।
আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আনতালিয়া বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
এদিন সকাল সাড়ে ৭টায় আনতালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়ায় পৌঁছান তিনি।
আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

