পিকাবুতে এক্স অ্যাঞ্জেলের বিনিয়োগ, স্বাক্ষরিত হলো শেয়ারহোল্ডার চুক্তি

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৬ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করেছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। এক্স অ্যাঞ্জেলের ‘এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ড’-এর মাধ্যমে এ বিনিয়োগ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বিনিয়োগের মাধ্যমে পিকাবুর ব্রিজ রাউন্ডে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। এ ছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই ও সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।

অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ সেই লক্ষ্য এবং এ খাতের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। এ অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এ অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে তারা আশাবাদী।

এর আগে ২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ এ রাউন্ডে অংশ নেয় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ওই রাউন্ডের নেতৃত্বে ছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১।

Nagad

অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, দেশে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ এর একটি উদাহরণ। সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত অংশগ্রহণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পরিসর বাড়ানোর পথ সহজ করে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আরও স্থানীয় বিনিয়োগকারী সম্ভাবনাময় দেশীয় উদ্যোগের পাশে দাঁড়াবেন। এর মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

এক্স অ্যাঞ্জেল লিমিটেড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত বিকল্প বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগের বিকাশে কাজ করছে।

পিকাবুতে এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশলের গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানিয়েছে এক্স অ্যাঞ্জেল। একই সঙ্গে এ অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।