আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির মাথা তোলার আগেই গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
৩৮ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই।’
সংসদের ভেতর ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।’
শেখ হাসিনার নাম উল্লেখ না করে সংসদ নেতা বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তাঁর সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতন্ত্রকামী জনগণকে হত্যায় তালিকা প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংসদে মতের ভিন্নতা থাকবে, যুক্তির লড়াই থাকবে; কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে কোনো বিভেদ থাকা উচিত নয়।
গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান
দেশের তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠীর উদ্দেশ্য রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পকে দুর্বল করে অন্য কোনো দেশকে সেই সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে কি না, বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সে অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পলাতক কোনো অপশক্তির উসকানিতে কর্মস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিজেদের জীবিকার প্রতিষ্ঠান ধ্বংস করলে তাঁদেরই ক্ষতি হবে। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘নিজের কর্মস্থলটিই ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে? পরিবারের জীবিকা নির্বাহ হবে কীভাবে? সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’
ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করা যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও উৎপাদনব্যবস্থা ধ্বংসের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ
রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাকে সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভঙ্গুর আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ কোনো যুদ্ধের পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব পড়েছে।
ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখতে সরকার জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিগত সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চান না জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। বর্তমান সংকট মোকাবিলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
চীন, তুরস্ক, জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ বাড়লে নতুন শিল্পকারখানা, কর্মসংস্থান ও প্রযুক্তির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ
চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং চলছে। রমজানকে সামনে রেখে সরকার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নজিরবিহীন দমন-পীড়নে হাজারো মানুষের জীবন বিপন্ন হয়েছিল এবং অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হন। ক্ষমতায় টিকে থাকাই তৎকালীন সরকারের কাছে রাষ্ট্র ও জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
তিনি বলেন, আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁদের আত্মত্যাগে গণবিরোধী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় বিপর্যস্ত পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে দেশে-বিদেশে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বপ্নের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের রাজনৈতিক অঙ্গীকার।
৫ আগস্টের পর জনগণ কী পেয়েছে, তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ গণতন্ত্র শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানোর সুযোগ পেয়েছে। ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পথও উন্মুক্ত হয়েছে।
গুম, খুন, অপহরণ ও রাজনৈতিক নিপীড়নের আতঙ্ক থেকে মুক্ত একটি সমাজ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন রাষ্ট্রের কাছে নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহি প্রত্যাশা করতে পারছে।

