২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহন, নভম্বর ২২, ২০২৬

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশ ও ভারতের নাম আগেই নির্ধারিত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও মোটামুটি পরিষ্কার। তবে এর বাইরে বড় ম্যাচ আয়োজনের সুযোগ পেতে চায় বিসিবি।

রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম বলেন, বাংলাদেশ ও ভারত যে একসঙ্গে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই ঘোষণা অনেক আগেই এসেছে। ওই সিদ্ধান্তে তাঁর বা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে বিশ্বকাপের একটি বিশেষ ম্যাচ বাংলাদেশে আয়োজনের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত যে একসঙ্গে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই ঘোষণা বহু আগেই এসেছে। পুরোনো এই সিদ্ধান্তে আমার কিংবা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে একটি বিশেষ বিষয় নিয়ে আইসিসির সঙ্গে কথা বলছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমরা সফল হব। লক্ষ্য হলো—অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে রাখা যায়। বিষয়টি নিয়ে আমি বেশ আশাবাদী।’

আইসিসির সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদ প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি জানান, সময় হলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি এবং সেখানে ভালো খবর আসবে বলে তাঁর প্রত্যাশা।

Nagad

তামিম বলেন, ‘আইসিসির সঙ্গে আমার কথা চলছে। সময়মতো যখন আইসিসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, তখন ভালো কিছুই আসবে বলে আমার ধারণা। গ্রুপ পর্বের ম্যাচ তো থাকছেই, পাশাপাশি আগের চেয়ে ম্যাচের সংখ্যাও বাড়বে বলে আশা করি। আর একটি সেমিফাইনাল আয়োজনের স্বত্ব পেলে তা দেশের ক্রিকেটের জন্য দারুণ প্রাপ্তি হবে। সে চেষ্টাই করছি।’

উল্লেখ্য, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজক ছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তবে সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি বাংলাদেশ।

সেই সীমাবদ্ধতা পেরিয়ে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত বিশ্বকাপে বড় মঞ্চের একটি ম্যাচ নিজেদের মাটিতে আনার লক্ষ্য নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।