সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকায় কৃষকদলের মোটরসাইকেল র্যালি
ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে শুরু হয়ে শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০ গোলচত্বর, পূরবী ও পল্লবী হয়ে মিরপুর-১৩ গিয়ে শেষ হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক আসজাদুল আরিশ ডল ও সদস্যসচিব সফিকুর রহমান মিঠুর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
বিকেলের বৃষ্টি উপেক্ষা করে র্যালিতে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং মহানগর উত্তরের আওতাধীন সব থানার শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক আসজাদুল আরিশ ডল বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘অরাজকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মী সর্বদা সজাগ রয়েছেন। তিনি বলেন, ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মহানগর উত্তর কৃষকদলের নেতাকর্মীরা থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে নজরদারি করছেন, যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি বা আগুন সন্ত্রাস করতে না পারে।’
আসজাদুল আরিশ ডল সম্প্রতি ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হাতে নিহত ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা এবং লোহাগড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিনের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্যসচিব সফিকুর রহমান মিঠু মহানগর উত্তর কৃষকদলের সব নেতাকর্মীকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যেখানেই আগুন সন্ত্রাস হবে, সেখানেই সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।’ তিনি আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। বেশি বাড়াবাড়ি করলে, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অগ্নিসন্ত্রাসীদের কারও পিঠের চামড়া থাকবে না।’
মোটরসাইকেল র্যালিতে অংশ নেওয়া ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সব যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন থানা থেকে আসা আহ্বায়ক, সদস্যসচিব ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচি শেষ করেন সফিকুর রহমান মিঠু।

