ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহন, নভম্বর ২৭, ২০২৬

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তাঁদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কী নিয়ে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Nagad

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।