জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনা চুক্তি চূড়ান্ত, উদ্বোধন ১৬ ডিসেম্বর
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের কথা রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেয়। এ জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর রোডম্যাপ ঘোষণা করা হয়।
বেবিচক সূত্রে জানা গেছে, বেবিচক, মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।
এর আগে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরবে বেবিচক।
পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়।
ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিকভাবে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। পরে সংশোধিত ব্যয় ও অতিরিক্ত বিভিন্ন কাজ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জাপানের সঙ্গে পরিচালনা-সংক্রান্ত আলোচনা চূড়ান্ত না হওয়ায় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
বছরে দুই কোটি যাত্রী সেবার সক্ষমতা
বহুল আলোচিত তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বছরে দুই কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।
নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। রয়েছে ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক বিভিন্ন সুবিধা। যাত্রীদের দীর্ঘ পথ হাঁটার ভোগান্তি কমাতে থাকবে বেশ কয়েকটি চলন্ত পথ বা স্ট্রেইট এক্সকেলেটর। সিঙ্গাপুর ও ব্যাংককের মতো বেশি যাত্রী চলাচলকারী আধুনিক বিমানবন্দরগুলোতে এ ধরনের ব্যবস্থা রয়েছে।
থাকছে আলাদা ব্যাগেজ স্টোরেজ
যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে তিন ধরনের আলাদা স্টোরেজ এরিয়া রাখা হয়েছে। এগুলো হলো—নিয়মিত ব্যাগেজ স্টোরেজ, হারানো ব্যাগেজ খুঁজে দেওয়ার ব্যবস্থা এবং অতিরিক্ত আকার বা ওজনের ব্যাগেজ স্টোরেজ।
স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য থাকবে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে আরও চারটি পৃথক বেল্ট।
মা ও শিশুদের জন্য বিশেষ সুবিধা
টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। এসব লাউঞ্জে মায়েদের জন্য বুকের দুধ খাওয়ানোর বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং বড় পরিসরের পারিবারিক বাথরুম থাকবে।
এ ছাড়া শিশুদের জন্য স্লিপার, দোলনাসহ চিলড্রেন প্লে এরিয়াও রাখা হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, করোনাসহ বিভিন্ন রোগের পরীক্ষা কেন্দ্র এবং আইসোলেশন এরিয়া নির্মাণ করা হয়েছে।
স্বয়ংক্রিয় চেক-ইন সুবিধা
নতুন টার্মিনাল ভবনে থাকবে ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক। এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও আসন নম্বর পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ রাখলে তা স্বয়ংক্রিয় ব্যবস্থায় উড়োজাহাজের নির্ধারিত স্থানে পৌঁছে যাবে।
তবে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে স্বয়ংক্রিয় চেক-ইন করা যাবে না। যাত্রীদের জন্য আরও ১০০টি চেক-ইন কাউন্টার থাকবে টার্মিনালে। অবসরে যাত্রীদের সময় কাটানোর জন্য নতুন টার্মিনালে মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ স্থাপনের কাজও চলছে। এ দুটি লাউঞ্জ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় স্থাপনার বেশির ভাগই ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। সূত্র- জাগো নিউজ

