আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের কেন জাতীয় বীর ঘোষণা নয়: হাইকোর্টের রুল
গত বছরের জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা প্রস্তুত করে গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র ও তরুণদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। আন্দোলনে রংপুরে বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে শহীদ হন আবু সাঈদ। একই দিনে চট্টগ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রদল নেতা ওয়াসিম। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় শহীদ হন মীর মুগ্ধ। তার “পানি লাগবে কারও পানি”—এই কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।
৫ আগস্ট পর্যন্ত টানা আন্দোলনে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে। তাদের ‘জুলাই শহীদ’ হিসেবে স্মরণ করছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, শহীদদের স্বীকৃতি ও স্মরণে বিভিন্ন মহল থেকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি ওঠে আসছে। এবার সেই দাবির পক্ষে উচ্চ আদালত থেকে এলো স্পষ্ট রুল।

