বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বেলজিয়াম শুধু ফিলিস্তিনকে স্বীকৃতিই দেবে না, বরং ইসরায়েলের ওপর ১২ দফা কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা।
প্রেভোট বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান।
আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে বেলজিয়ামের পাশাপাশি ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে।
জাতিসংঘের হিসাবে, এ বছরের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ—যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ-ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে কিছু দেশ জানিয়েছে, তারা শর্তসাপেক্ষে এ স্বীকৃতি দিতে চায়।

