দোহায় ইসরায়েলি হামলার নিন্দা, কাতারের প্রধানমন্ত্রীর কঠোর প্রতিক্রিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান বিন জসিম আল থানি। ফাইল ছবি

কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

হামলার কয়েক ঘণ্টা পর এক ব্রিফিংয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান বিন জসিম আল থানি বলেন, এ ধরনের হামলা কাতারের কূটনৈতিক তৎপরতাকে থামাতে পারবে না। তিনি জানান, ফিলিস্তিনের পাশে কাতার সবসময় থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, কাতারের কূটনীতি কোনো দেশের আচরণের ওপর ভিত্তি করে নয়। কূটনৈতিক তৎপরতা কাতারের নিজস্ব পরিচয়ের অংশ। আজকের হামলা আমাদের কূটনৈতিক প্রচেষ্টাকে প্রতিহত করতে পারবে না।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার সময় মধ্যস্থতাকারী একটি দেশে এমন হামলা চালানো আন্তর্জাতিক আইন ও নৈতিক মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন।

ঘটনার সময় দোহায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াসহ সংগঠনের হাইকমান্ডের সদস্যরা একটি ভবনে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তখনই ওই ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যদিও হামাস দাবি করেছে, নিহতদের মধ্যে তাদের উচ্চপর্যায়ের কোনো নেতা নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সুপারিশে ২০১৭ সাল থেকে কাতারে বসবাস করছেন হামাস নেতারা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতায় কাতার অন্যতম প্রধান ভূমিকা রেখে আসছে। বাকি দুই দেশ হলো যুক্তরাষ্ট্র ও মিশর। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই হামলা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একক সিদ্ধান্ত। এতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।

Nagad