দেশ পরিচালনায় ইরানে অন্তর্বর্তী ‘কাউন্সিল’ গঠন
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন করেছে। খবর সিএনএন।
ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা অনুপস্থিত থাকলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল দায়িত্ব পালন করবে। এই কাউন্সিলে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল-এর একজন জ্যেষ্ঠ আলেম। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত এ কাউন্সিল দায়িত্বে থাকবে।
বর্তমানে গঠিত কাউন্সিলে রয়েছেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই।
আয়াতুল্লাহ আলিরেজা আরাফি একজন প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত। তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের উপ-চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইরানের নির্বাচনী প্রক্রিয়া ও সংসদে পাস হওয়া আইন যাচাইয়ের ক্ষেত্রে গার্ডিয়ান কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই তিন সদস্যের কাউন্সিলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

