মুরগির দোকান নিয়ে বিরোধ, হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্, নভম্বর ২৮, ২০২৬

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় রাতে ফুটপাতে অস্থায়ী মুরগির দোকান বসানো নিয়ে পুরোনো বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাতে হোটেলে একটি মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে হামলা ও হত্যাকাণ্ডে রূপ নেয়।

হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সামনের ফুটপাতে রাতে অস্থায়ী পাইকারি মুরগির দোকান বসানো ব্যবসায়ীদের বিরোধ দীর্ঘদিনের বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ২টার দিকে ধারালো অস্ত্র নিয়ে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় এনায়েত এ্যানি ও তার ছেলে ইরান কাজী।

হামলায় হোটেলটির ম্যানেজার নাঈমুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হোটেলের আরেক ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া হোটেলের আরও পাঁচ আহত কর্মী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে নাঈমুলের মরদেহ স্বজনরা তার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান গ্রামে নিয়ে গেছেন।

ঘটনার তদন্তে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট অন্তত তিনজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তাদের প্রাথমিক তদন্তেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।

Nagad

মুরগি ঢোকা নিয়ে শুরু বিরোধ

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হোটেলটির সামনে রাতে অস্থায়ী পাইকারি মুরগির বাজার বসে। বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানকার একটি খাঁচা থেকে মুরগি ছুটে হোটেলের ভেতরে ঢুকে পড়ে।

এ সময় পাইকারি ব্যবসায়ীদের দোকানে অস্থায়ীভাবে কাজ করা এনায়েত ওরফে এ্যানি হোটেলের নিরাপত্তাকর্মীকে মুরগিটি বের করে দিতে বলেন। নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে দিলে এ্যানি সেটি সংশ্লিষ্ট ব্যবসায়ীর খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখেন।

নিরাপত্তাকর্মী এতে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে এ্যানি ওই নিরাপত্তাকর্মীকে মারধর করেন। পরে হোটেলের কর্মীরা এ্যানিকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে নিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেন।

ছেলের সঙ্গে এসে হামলা

এর মধ্যেই রাত পৌনে ২টার দিকে এ্যানির ছেলে ইরান সেখানে আসেন। হোটেল কর্মীদের সঙ্গে বাবা-ছেলের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইরান তার কাছে লুকিয়ে রাখা একটি রামদা ও ছুরি বের করেন। ইরান ছুরি এবং এ্যানি রামদা দিয়ে হোটেলের কর্মীদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ম্যানেজার নাঈমুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন হোটেলের আরও কয়েকজন কর্মী।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। হোটেলের সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপির ওয়ারী জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, হোটেলে হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। হোটেলের সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফুটপাতে মুরগির দোকান নিয়ে আগেও অভিযোগ

এর আগে গত মার্চে ডিএমপি রাজধানীর চাঁদাবাজি ও চাঁদাবাজির বিভিন্ন খাতের একটি তালিকা করে। ওই তালিকায় কাপ্তান বাজারকেন্দ্রিক ফুটপাতের অবৈধ মুরগির দোকানকেও চাঁদাবাজির ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। তালিকায় ফুটপাতে অবৈধ মুরগির দোকানের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও এসব দোকান থেকে দৈনিক অন্তত চার লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও হোটেলের একাধিক নিরাপত্তাকর্মী জানান, হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল কাপ্তান বাজার থেকে হাঁটা পথে আনুমানিক তিন থেকে চার মিনিটের দূরত্বে। তবে রাতে অস্থায়ী পাইকারি মুরগির দোকানগুলো হোটেলসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের বিরোধ ও অভিযোগ রয়েছে।