দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি
দুই বছরের ওয়ারেন্টি ও এক বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধাসহ বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। সিরিজটিতে রয়েছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি-এই তিন মডেল।
সিরিজটির সর্বোচ্চ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াট হাইপারচার্জ ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং। ফোনটিতে রয়েছে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর। টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা দেওয়া হয়েছে।
তিন মডেলে বড় ব্যাটারি
রেডমি নোট ১৭ প্রো ৫জিতে রয়েছে ৮ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৭ ওয়াট হাইপারচার্জ। অন্যদিকে, রেডমি নোট ১৭ ৪জিতে রয়েছে ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং। রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭—দুই মডেলেই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং ৩ মিটার পর্যন্ত পড়ে যাওয়ার প্রতিরোধ সক্ষমতার সার্টিফিকেশন।
থাকছে ইএমআই ও উপহার
নতুন সিরিজের ক্রেতাদের জন্য বিভিন্ন অফারও দিয়েছে শাওমি। কার্ডবিহীন ইএমআই সুবিধায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি ৩৬টি ব্যাংকের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধায় ফোন কেনার সুযোগ থাকছে। নগদে ফোন কিনলে মডেলভেদে পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকা মূল্যের বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্কের বান্ডেল। এর সঙ্গে বিশেষ ইন্টারনেট বান্ডেলও থাকছে।
প্রতিটি ক্রেতাকে দেওয়া হবে ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমির টিভি ও ওয়াশার-ড্রায়ারে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
তিন মডেলের দাম
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি পাওয়া যাচ্ছে ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৭ প্রো ৫জি পাওয়া যাচ্ছে স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই সংস্করণের দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে, রেডমি নোট ১৭ ৪জি পাওয়া যাচ্ছে সেলেসটিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি ফ্যানদের কাছে রেডমি নোট সিরিজের জনপ্রিয়তা ও আস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভালোবাসার প্রতিদান দিতে আমরা নিয়ে এসেছি ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির রেডমি নোট ১৭ সিরিজ, এবং সেই সাথে প্রথমবারের মত যুক্ত করেছি ২ বছরের ওয়ারেন্টি সুবিধা যা ক্রেতাদের আরও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, আগের প্রজন্মগুলোর মতো এই সিরিজও ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে এবং বাংলাদেশে রেডমি নোট ১৭ সিরিজের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
শাওমি জানিয়েছে, রেডমি নোট ১৭ সিরিজের ফোনগুলো দেশের শাওমি অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশি সাপোর্ট প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা কেন্দ্র ও বিক্রয়সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

