কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির মামলার রায় যে কোনো দিন
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই পলাতক।
তিন অভিযোগ
হানিফসহ চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলন দমনে ছাত্রলীগকে ব্যবহারের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ, ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যার অভিযোগ।
প্রসিকিউশনের অভিযোগ, আসামিদের রাজনৈতিক নির্দেশনা, পরিকল্পনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ১১ মে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রথম দিন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে দাবি করে, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং আন্দোলন দমনের পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের অংশ। আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।
গত ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষ করে। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। বুধবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
হানিফের নির্দেশের অভিযোগ
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলীর দেওয়া বক্তব্যকেও মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ওই বক্তব্যে হানিফের নির্দেশে আন্দোলন দমনের কথা বলা হয়েছিল বলে প্রসিকিউশনের দাবি। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বক্তব্যসহ অন্যান্য সাক্ষ্য ও নথিপত্র থেকে আসামিদের মধ্যে সমন্বয়, নির্দেশনা এবং আন্দোলন দমনের পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে।
ছয় হত্যাকাণ্ডের অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় ছয়জন নিহত হন। আহত হন আরও অনেকে। এসব ঘটনায় মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
গত বছরের ৬ অক্টোবর প্রসিকিউশন ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ২ নভেম্বর হানিফসহ চার আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এখন রায়ের অপেক্ষায় মামলাটি।
রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

