ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। এসব ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। অথচ ওই ফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি কার্যক্রমের আবেদন শুরু করার বিষয়েও আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।

