রূপনগরে নারী পোশাককর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম, দাঁড়িয়ে দেখলেন পথচারীরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহন, নভম্বর ১৮, ২০২৬

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাককর্মীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছেন এক যুবক। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে পেছন থেকে ওই নারীকে আক্রমণ করা হয়। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত নুপুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এক যুবক আকস্মিকভাবে নুপুরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। কয়েকবার কোপ দেওয়ার পর তিনি সড়কে পড়ে গেলেও হামলাকারী থামেননি। মাটিতে পড়ে থাকা অবস্থাতেও তাকে উপর্যুপরি আঘাত করতে দেখা যায়।

হামলার একপর্যায়ে দুজন ব্যক্তি এগিয়ে এলেও পরে তারা সরে যান। আশপাশে থাকা আরও কয়েকজন পুরো ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। পরে হামলাকারী অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের মধ্যে মিরপুরে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ওই নারী পোশাককর্মীকে হামলা করা হয়েছে। এ ঘটনায় রায়হান নামে এক যুবককে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, নুপুর রাইজিং গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানায় রায়হানও কাজ করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের বিচ্ছেদ বা কোনো সমস্যার জেরে রায়হান হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Nagad

পুলিশ কর্মকর্তা বলেন, রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে এবং নুপুর চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে এটিকে প্রেমঘটিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শ্রমিক অসন্তোষের মধ্যে হামলা

এর আগে বুধবার নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই দুটি কারখানায় প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মিরপুর-১২ নম্বর এলাকাতেও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শব্দ গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

সিসিটিভিতে হামলার ভয়াবহ দৃশ্য

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির রাস্তার পাশে শিশুরা বসে খেলছিল। আশপাশ দিয়ে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল স্বাভাবিকভাবেই। হঠাৎ এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র নিয়ে এক নারীর ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারী তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন।

এ সময় আশপাশের লোকজনকে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। পরে হামলাকারী অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের দাবি, শ্রমিক অসন্তোষের সময়কার পরিস্থিতির মধ্যে ঘটনাটি ঘটলেও হামলার পেছনে প্রাথমিকভাবে ব্যক্তিগত ও প্রেমঘটিত বিরোধের বিষয়টি সামনে এসেছে।